মেয়াদোত্তীর্ণ স্যালাইন রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৫১
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন রাখা এবং রোগীর শরীরে পুশ করার অভিযোগে মেহেরপুর শহরের কলেজ রোডের দারুস সালাম ক্লিনিকের মালিক ও ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকালের দিকে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমীনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৯টার সময় মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী ছানোয়ারা খাতুন (৬০) অসুস্থ হয়ে দারুস সালাম ক্লিনিকে ভর্তি হয়। ক্লিনিকে কর্তব্যরত নার্স ফেরদৌসী খাতুন জোস্না চিকিত্সকের পরামর্শে রোগীর শরীরে স্যালাইন পুশ করেন। কিন্তু রোগীর স্বজনেরা লক্ষ্য করে দেখেন স্যালাইনের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ক্ষুব্ধ স্বজনেরা বিষয়টি পুলিশকে জানায়। ক্লিনিকের মালিক মেহেরপুর জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের কনসালটেন্ট ডা. আব্দুস সালামকে ২০ হাজার এবং ক্লিনিকের ম্যানেজার মাহবুবুল হাসান শিমুলকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় ক্লিনিক থেকে মেয়াদ উত্তীর্ণ ৩৭টি ডিএনএস স্যালাইন, সেফা-৪ নামের ৫ প্যাকেট ইঞ্জেকশন ও এলজিরেক্স ৯০ নামের ২ প্যাকেট ট্যাবলেট জব্দ করে ধ্বংস করা হয়।