‘যে আল্লাহর কথা শোনে...’

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:০২
জাতীয় কবি নজরুল ইসলামের ইসলামি গান রমজান মাসে বিভিন্ন চ্যানেলে সেহরি ও ইফতার পূর্ব সময়ে প্রচারিত হয়। চ্যানেল-২৪-এ গত ৬ জুলাই ভোররাতে ‘যে আল্লাহর কথা শোনে’ পরিবেশনকালে লক্ষ করলাম শিল্পী চার স্তবকের গানটির তৃতীয় ও চতুর্থ স্তবকে কিছু শব্দের ভুল উচ্চারণ করছেন। গানটি আমিও বিভিন্ন অনুষ্ঠানে গেয়ে থাকি বলে এ ভুলগুলো আমার কাছে ধরা পড়েছে। যেমন তৃতীয় স্তবকে হবে “ভোগের তৃষ্ণা মিটেছে যার, খোদার প্রেমের শিরনি পেয়ে, যায় বাদশা নবাব গোলাম হয়ে সেই ফকিরের কাছে যেয়ে।” অথচ শিল্পী গেয়েছেন “খোদার প্রেমের শিরীন পেয়ে, যার বাদশা নবাব গোলাম... যেয়ে।” আর চতুর্থ বা শেষ স্তবকে “আসে সেই কওমের ইমাম সেজে কায়ুমকে পেয়েছে যে, তারই কাছে খোদার দেওয়া শান্তি আছে সুখে-দুখে”। কিন্তু শিল্প গেয়েছেন “শান্তি আছে দুখে-সুখে।” তাই অনুরোধ করবো— নজরুল ইনস্টিটিউট প্রকাশিত আদি রেকর্ডভিত্তিক নজরুলসংগীতের নির্বাচিত বাণী সংকলন থেকে এ গানটি দেখে সঠিকভাবে পরিবেশন করার জন্য। শামসুল করীম খোকন, মাতৃছায়া, তেজগাঁও, ঢাকা ১২০৮