ঈদে ঘরে ফেরা নির্বিঘ্ন হোক

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:০২
কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদ-উল-ফিতর। আনন্দের এ উত্সব পরিবার-পরিজনের সঙ্গে উদ্যাপন করতে না পারলে তা যেন অপূর্ণাঙ্গই থেকে যায়। অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করলেও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় অবস্থান করেন। গ্রামাঞ্চল থেকে আগত এসব মানুষ নানা পেশায় নিয়োজিত। তারা ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ মৌসুমে ঘরমুখী হয়। ছুটির স্বল্পতার কারণে সরকারি, বেসরকারি, পোশাক শ্রমিকসহ নানা পেশার লোকেরা ঈদের এক অথবা দু’দিন আগে ঢাকা ত্যাগ করাকে প্রাধান্য দেয়। পরিবারের সঙ্গে আনন্দ করার জন্য ঢাকা থেকে বাড়ি পৌঁছানো পর্যন্ত তাদেরকে কম বেদনা পোহাতে হয় না। খারাপ যোগাযোগ ব্যবস্থা, পরিবহণ স্বল্পতা, কালবাজারির কারণে টিকিটের দুষ্প্রাপ্যতা, রাস্তায় সীমাহীন জ্যাম, রেলে ও লঞ্চে অতিরিক্ত যাত্রীর আরোহণ ইত্যাদির কারণে ঘরমুখী জনসাধারণকে পোহাতে হয় নানা রকম দুর্ভোগ ও বিড়ম্বনা। সম্মুখীন হতে হয় এক তিক্ত অভিজ্ঞতার। বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে রাস্তায় অতিরিক্ত জ্যামের কারণে রাস্তাতেই ঈদের নামাজ আদায়ের দৃশ্যও আমাদের দেশে বিরল নয়। প্রতি ঈদেই যাত্রী-দুর্ভোগ একটা সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। এর সমাধানে যে দু’একটা পদক্ষেপ নেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ নেওয়া অতি জরুরি। মোল্লা আবু সালেহ, জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়