যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাস্তার কারণে কোথাও কোনো যানজট হচ্ছে না। আমাদের পুরোনো রাস্তাগুলো অধিকাংশ জরাজীর্ণ। নতুন করে এ রাস্তাগুলো নির্মাণ করতে হবে। এখন বিটুমিনের রাস্তার পরিবর্তে তৈরি হবে কংক্রিটের রাস্তা। তা না হলে রাস্তা টিকিয়ে রাখা যাবে না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৪ লেনের কাজের অগ্রগতি এবং মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় গতকাল সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় সড়ক মেরামত ও ফ্লাইওভার নির্মাণ কাজ এবং ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৪ লেনের সংস্কার কাজও পরিদর্শন করেন। ইত্তেফাকের রিপোর্টার ও প্রতিনিধির খবর।
রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় গতকাল সড়ক মেরামত ও ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি বলেন, ঈদের আগে সড়ক-মহাসড়কগুলো যান চলাচলের উপযোগী করতে বেঁধে দেয়া সময়ের মধ্যে সারা দেশে ৮০ ভাগ সড়কের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চের মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজ শেষ হয়ে যাবে। এর পর আর কোন দুর্ভোগ হবে না। আগামী ২-১ দিনের মধ্যে সারা দেশের রাস্তার সংস্কার কাজ শেষ হবে। ময়মনসিংহের ভালুকায় সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোর সামনে গতকাল বিকালে সংবাদকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, কিছুসংখ্যক গণমাধ্যম সড়ক-মহাসড়কের ৩ বছরের পুরোনো ছবি প্রকাশ করছে। তারা রাজনৈতিক উদ্দেশ্যে ৩ বছর আগের সড়কের খানাখন্দ ও বেহাল অবস্থার চিত্র তুলে ধরে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি এর প্রতিবাদও করব না, বিচারও চাইব না, আল্লাহ তাদের হেদায়েত করবেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৪ লেনের কাজের অগ্রগতি পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী আরো বলেন, রাস্তা সংস্কার কাজ পর্যবেক্ষণের জন্য ১০টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া মন্ত্রণালয়ের ২১টি টিমও রাস্তা মনিটরিং করছে। এটি একটি টিম ওয়ার্ক। গত ১ সপ্তাহের মধ্যে বাংলাদেশের কোথাও বড় ধরনের যানজট হয়নি। পরিদর্শনকালে সড়ক ও জনপথের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আফতাব হোসেন খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন আহমেদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মুহিবুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আমীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
