ক্ষতিপূরণের টাকা কমানোর দাবিতে বরিশাল-মাদারীপুর রুটে গতকাল সোমবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। কেন্দ্রীয় বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহবানে এ ধর্মঘট আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত চলবে। এরমধ্যে দাবি মানা না হলে ধর্মঘটের সময়সীমা আরো বাড়ানোর হুমকি দেয়া হয়েছে। আকস্মিকভাবে এ ধর্মঘটের ঘোষণা করায় বরিশাল থেকে আরিচা ও মাওয়া হয়ে ঢাকাগামী সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।
হানিফ পরিবহনের আঞ্চলিক ব্যবস্থাপক রানা তালুকদার জানান, গত ১১ জুলাই মহাসড়কের উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত ১২ জনসহ আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গত ১৯ জুলাই জেলা প্রশাসনের পক্ষ থেকে হানিফ পরিবহন কর্তৃপক্ষকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবহন কর্তৃপক্ষ এ ক্ষতিপূরণের টাকা কমানোর দাবি করলেও তা মানা হয়নি। ক্ষতিপূরণের টাকা কমানোর দাবিতে কেন্দ্রীয় বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহবানে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
স্বরূপকাঠি - ঢাকা রুটে বাস ধর্মঘট
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, বাস মালিকদের আকস্মিক ধর্মঘটের ফলে গতকাল সোমবার স্বরূপকাঠি- ঢাকা রুটে কোন দূরপাল্লার বাস চলাচল না করায় যাত্রীরা চরম দুর্ভোগের কবলে পড়ে। সোমবার সকালে শত শত যাত্রী স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে গিয়ে আবার বাড়ি ফিরে যেতে বাধ্য হয় । অপরদিকে ঢাকার গাবতলী থেকে ঈদে ঘরমুখী যাত্রী সাধারণও চরম দুর্ভোগের শিকার হন।
