বিপণী বিতানে জালনোট সনাক্তকারী যন্ত্র দিচ্ছে এফবিসিসিআই

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২২:৫৯
জাল নোট নিয়ে ক্রেতা-বিক্রেতার ভোগান্তি কমাতে প্রধান বিপণী বিতানগুলোতে বিনামূল্যে জাল নোট সনাক্তকারী যন্ত্র দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গতকাল সোমবার প্রথম পর্যায়ে ঢাকা শহরের প্রধান বিপণী বিতানগুলোকে এই মেশিন বিনামূল্যে দেয়া হয়েছে। বিভিন্ন মার্কেটের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে জাল নোট সনাক্তকারী মেশিন গ্রহণ করেন। এ মেশিন ব্যবহারের ফলে জাল নোটের অপব্যবহার কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। পর্যায়ক্রমে দেশের সকল মার্কেটে জাল নোট সনাক্তকারী মেশিন সরবরাহের জন্য মার্কেটসমূহের নেতারা দাবি জানান। সভায় জাল নোট ব্যবহার বন্ধে ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন পরামর্শ দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশ গুপ্ত অসীম কুমার, এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহ-সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।