বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় জেলায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া সেতু গত রবিবার রাতে ভেঙ্গে যাওয়ায় বদরপুর ও দুমকির পাঙ্গাশিয়া ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাল্কহেডটি ঘটনাস্থলেই ডুবে যায়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তারা হলেন—জেসমিন আক্তার (২৫), তার মেয়ে ফাহানা (৫) ও বাল্কহেডের কর্মচারী মালেক (৩৫)। গুরুতর আহত জেসমিন আক্তার ও মালেককে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে বালু বোঝাই একটি বাল্কহেড পটুয়াখালী থেকে কালাইয়া যাওয়ার পথে পাঙ্গাশিয়া সেতু অতিক্রমকালে সেতুর লোহার পিলারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে সেতুটি বিধ্বস্ত হয়ে মাঝে প্রায় ৫০ ফুট ভেঙ্গে পড়ে। এ ঘটনায় সাথে সাথে বাল্কহেডটি ডুবে যায়। আহত জেসমিন ও তার মেয়ে ফাহানা সেতু দিয়ে যাচ্ছিলেন।
