মিয়ানমারকে সার্কভুক্ত করার প্রস্তাবে সমর্থন দিন

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২৩:০৫
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত শনিবার মিয়ানমারের ইয়াঙ্গুনে দেশটির নোবেল বিজয়ী বিরোধী নেত্রী অং সান সুচির সঙ্গে বৈঠক করেছেন। সুচির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে ক্ষুদ্রঋণসহ বাংলাদেশে সামাজিক ব্যবসা, স্থাস্থ্যসেবা, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় সামাজিক ব্যবসা পরিদর্শনের জন্য সুচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস। তিনি বলেন, মিয়ানমারকে সার্কভুক্ত করতে সদস্য দেশগুলোর কাছে প্রস্তাব দেয়া হয়েছে। এ প্রস্তাবে সুচির দলকে সমর্থন করার আহ্বান জানান তিনি। মিয়ানমার ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে তিন দিনের সফরে গত শনিবার ইয়াঙ্গুন পৌঁছান ড. ইউনূস। সেখানে মিয়ানমারের উন্নয়নে সামাজিক ব্যবসার সম্ভাবনা ও ভূমিকা নিয়ে দেশটির সরকার, সুশীল সমাজ এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন তিনি। ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের আদলে মিয়ানমারের ডেল্টা জোনে ১৯৯৭ সালে গ্রামীণ ট্রাস্টের অধীনে শুরু হওয়া ঋণ কর্মসূচিতে সুচির সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আন্তর্জাতিক এনজিও ‘প্যাক্ট’ এই ক্ষুদ্র ঋণ কার্যক্রমটি পরিচালনা করছে। বর্তমানে এ কর্মসূচির আতওায় সাত লাখ গ্রাহক রয়েছে। বিশ্বব্যাপী প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসার পদক্ষেপের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন সুচি। একইসঙ্গে তার নির্বাচনী এলাকার গ্রামীণ মানুষের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা ড. ইউনূসের কাছে তুলে ধরেন তিনি। এ সময় দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। আগামী নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠেয় সোশ্যাল বিজনেস সামিট ও ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় নোবেল বিজয়ীদের সামিটে সুচিকে যোগ দেয়ার আমন্ত্রণ জানান তিনি। দুই জনের মধ্যে প্রায় ৩০ মিনিট বৈঠক হয়। এটি ছিলো শান্তিতে নোবেল বিজয়ী দুই ব্যক্তিত্বের প্রথম বৈঠক।