স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না ট্রেনের টিকিট। প্রথমদিনের তুলনায় দ্বিতীয় দিন গতকাল সোমবার টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল আরো বেশি। প্রত্যাশিত ২৫ জুলাইয়ের টিকিটের জন্য আকুতি করেছেন ঘরমুখো যাত্রীরা। এর মাঝে কেউবা টিকিট পেয়েছেন আবার কেউ হতাশ হয়ে ফিরেছেন। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও থেমে নেই টিকিট কালোবাজারি। এই অভিযোগে গতকাল ১৭ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, ২৬ রমজানের অগ্রিম টিকিটের জন্য রবিবার সন্ধ্যার পর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে কাউন্টারের সামনে ভিড় করেন যাত্রীরা। স্টেশনের ২০টি কাউন্টারের লাইনেই দাঁড়িয়ে ছিলেন হাজারেরও বেশি মানুষ। লাইনে দাঁড়ানো সবাই টিকিট পাবেন তার কোন নিশ্চয়তা নেই। যে পরিমাণ টিকিট বিক্রি করা হবে তার কয়েকগুণ বেশি মানুষের লাইন দাঁড়িয়ে আছেন। তাই সবার ভাগ্যে টিকিট জুটছে না। সেই তুলনায় সোমবার ভিড় আরো বেড়েছে। লাইন ধরেও টিকিট সংগ্রহ না করতে পেরে হতাশ হয়ে ফিরছেন অনেকেই।
খুলনায় যাওয়ার ৪টি টিকিট কাটতে সেহরির পর স্টেশনে এসেছিলেন বেসরকারি কোম্পানিতে কর্মরত আনোয়ারুল ইসলাম। কিন্তু দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন কাঙ্ক্ষিত টিকিটের জন্য। বেলা সাড়ে ১১টা পর্যন্ত পেলেন না টিকিট। তাই হতাশ হয়ে ফিরে গেলেন তিনি। আনোয়ারুল ইসলামের মতো হাজার হাজার মানুষ স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরও টিকিট পাচ্ছে না। ফিরছেন খালি হাতে। আজ তৃতীয় দিন ট্রেনের টিকিট বিক্রির চাপ আরো বাড়বে বলে মনে করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ২৬ জুলাই, বুধবার ২৭ জুলাই, বৃহস্পতিবার ২৮ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। পর্যায়ক্রমে ঈদের আগের দিন পর্যন্ত টিকিট বিক্রি অব্যাহত থাকবে। আর যাত্রার দিন কাউন্টার থেকে ছাড়া হবে দাঁড়িয়ে যাওয়ার টিকিট। রেলওয়ে স্টেশন ম্যানেজার খায়রুল বাশার বলেন, দ্বিতীয় দিন ১৮ হাজার টিকিট বিক্রি করা হয়। টিকিটের জন্য যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত টিকিট আছে ততক্ষণ পর্যন্ত টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট দেয়ার শেষ সময় বিকেল পাঁচটা হলেও বেলা তিনটা থেকে সাড়ে তিনটা নাগাদ টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে তিনি জানান ।
বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) কামরুল আহসান বলেন, এবার যাত্রীসংখ্যা বেশি হওয়ায় স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। পুরো টিকিটের ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং রেল বিভাগ একসঙ্গে করছে। স্টেশনের ২০টি কাউন্টার থেকেই টিকিট বিক্রি করা হচ্ছে।
জানা গেছে, পূর্বাঞ্চল থেকে এবার ১০টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর চারটি চলবে চট্টগ্রাম-চাঁদপুর পথে। দুটি চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ পথে। আর ঢাকা থেকে খুলনার পথে দুটি এবং পার্বতীপুরের পথে আরও দুটি ট্রেন চলাচল করবে। এছাড়া শোলাকিয়ায় ঈদের জামাতের জন্য চারটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
কালোবাজারি সন্দেহে আটক ১৭
রাজধানীর কমলাপুর স্টেশনে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত সন্দেহে ১৭ জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে ১০ জন ও পর্যায়ক্রমে বেলা একটা পর্যন্ত আরও সাতজনকে পুলিশ আটক করে। আটককৃতরা গত রবিবারও টিকিট কিনেছিলেন। গতকালও কেনেন। আগে সংগ্রহে রাখা ভিডিওচিত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। এদিকে কালোবাজারি রোধে স্টেশনে ১৬টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) বসানো হয়েছে। রেলওয়ে পুলিশ বিশেষভাবে টিকিট বিক্রির দৃশ্য ভিডিও করছে।
বিআরটিসির একাধিক অবৈধ কাউন্টার
সরকারি পরিবহন বিআরটিসির একাধিক অবৈধ টিকিট কাউন্টারের সন্ধান পাওয়া গেছে। সোমবার সকালে রাজধানীর কল্যাণপুরে সরেজমিনে ঘুরে এরকম তিনটি বিআরটিসি টিকিট কাউন্টার চোখে পড়ে। কাউন্টারগুলোর সামনে দালালদের টিকিট বিক্রি করতে দেখা যায় যাত্রীদের কাছে ঘুরে ঘুরে। ৫০ থেকে ১০০ টাকা ধরিয়ে দিলেই মিলছে বিভিন্ন গন্তব্যের টিকিট। তবে এসব টিকিটের আসন নিশ্চিত করার ক্ষমতা নেই এদের কারও। বিআরটিসির লোগো ও টিকিট তাদের কাছে থাকলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন নি একজনও। কল্যাণপুর বাস ডিপোর উল্টো পাশে একটি দোতলা ভবনে বসানো হয়েছে বিআরটিসির কাউন্টার। রাজশাহী-রংপুরসহ বিভিন্ন রুটের টিকিট বিক্রি করা হচ্ছে এই কাউন্টার থেকে।
