ইউক্রেইনে মালয়েশীয় উড়োজাহাজ ভূপাতিত হয়ে প্রাণহানির পর সমালোচনার মুখে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনা নিয়ে অন্যদের বিরুদ্ধে স্বার্থ হাসিলের অভিযোগ তুলেছেন। তিনি মনে করেন, গত মাসের শেষে ইউক্রেইনের পূর্বাঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু না করলে এই বিয়োগান্তক ঘটনা এড়ানো যেত। সোমবার এক বিবৃতিতে ফ্লাইট এমএইচ-১৭ এর বিধ্বংস হওয়ার ঘটনার জন্য কার্যত ইউক্রেইন সরকারকেই দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট।—বিডিনিউজ
বিবৃতিতে শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে ইউক্রেইনের পূর্বাঞ্চলের সংঘাতকে সামরিক পর্যায় থেকে আলোচনার পর্যায়ে নিতে রাশিয়ার পক্ষ থেকে সার্বিক পদক্ষেপের প্রতিশ্রুতি দেন পুতিন। গত ১৭ জুলাই ক্ষেপণাস্ত্রের আঘাতে ২৯৮ আরোহী নিয়ে ওই বোয়িং বিমানটি বিধ্বস্ত হলে তা ছোঁড়ার জন্য রুশপন্থি বিদ্রোহীদের দায়ী করে ইউক্রেইন সরকার। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও একই কথা বলেন। ক্রিমিয়া প্রদেশ ইউক্রেইন থেকে আলাদা হয়ে রুশ ফেডারেশনে যোগ দেয়ার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। ইউক্রেইন বলছে, তার দেশের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে রুশ সরকার। পুতিন বলেন, “রক্তপাত বন্ধ করে আলোচনা শুরুর জন্য সংঘাতে লিপ্ত সব পক্ষকে আমরা বার বার আহ্বান জানিয়েছি।
