বনে বনে এত মায়া মনে মনে মিল,
রাতভর কাল ছিল তারা ঝিলমিল।
ঢুলুঢুলু ঘুমে চোখ হয়নিকো আর,
চাঁদ এনে দিয়েছিল হাসির জোয়ার।
ধীরে ধীরে প্রাণভরে নিচ্ছি বাতাস,
মৌ মৌ মৌ মৌ ফুলের সুবাস।
সুবাসিত পথে পাই পাখির পালক,
বিস্ময়ে বিমোহিত মুগ্ধ বালক।
আজ ভোরে কিচিমিচি পাখির কুজন,
আজ দেখি সকলেই সুহূদ সুজন।
সুখ সুখ লাগে আজ মনের ভিতর,
বুঝে গেছি এল আজ ঈদুল ফিতর!
