রাজনৈতিক সার্টিফিকেট

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:৩০
দেশের সকল দুর্যোগ মুহূর্তে তরুণ সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তরুণ সমাজকে প্রশিক্ষিত করে তুলতে হবে সকল কাজে। যাতে তারা তাদের মেধা দিয়ে দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনে জয়লাভ করার জন্য বিজ্ঞাপনের মতো লোভনীয় কিছু অফার পেশ করে যাতে করে দেশের তরুণ সমাজ তাদের দিকে ঝোঁকে। কিন্তু নির্বাচনে জয়লাভ করে ভুলে যায় তাদের দেওয়া প্রতিশ্রুতির কথা। যখন যে সরকার ক্ষমতায় আসে তারাই নিজেদের দিকে টানতে চায় তরুণ সমাজকে। কারণ তারা দেশের একটি বিরাট অংশ। যেই দল তাদেরকে আকৃষ্ট করতে পারবে সেই দলেরই পাল্লা ভারী হবে। তরুণ সমাজকে আকৃষ্ট করার অন্যতম উপায় হচ্ছে চাকরি। রাজনৈতিক দলগুলোর অন্যায় হস্তক্ষেপের কারণে যথাযোগ্য জায়গায় নিয়োগ পাচ্ছে না তরুণ মেধাবীরা। যেখানে সাধারণ একজন মেধাবী চাকরির জন্য প্রথম স্থান অধিকার করছে সেখানে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা অন্য একজন অদক্ষ লোককে নিয়োগ দেওয়া হচ্ছে। দেশে সব চাকরির ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হচ্ছে রাজনৈতিক সার্টিফিকেটকে। তাহলে কি সাধারণ পরিবারের সন্তানরা তাদের মেধার মাধ্যমে চাকরি পাবে না? যথা স্থানে মেধাবীদের নিয়োগ দিলে প্রশাসনে দুর্নীতি কমে যাবে। বন্ধ হোক রাজনৈতিক সার্টিফিকেট দেখে চাকরি দেওয়া। না হলে মেধাবী তরুণদের সেবা থেকে বঞ্চিত হবে দেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়