সোনালী ব্যাংকের সব সূচক ঊর্ধ্বমুখী

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২১:৫১
হলমার্ক কেলেঙ্কারির পর সোনালী ব্যাংক আবারো আগের অবস্থায় ফিরে এসেছে বলে দাবি করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির ক্যামেলস রেটিং-এর উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বিষয়সহ অন্য বিষয়গুলো ভাল থাকায় সামনের দিনগুলোতে বিনিয়োগও বাড়বে। সাংবাদিক সম্মেলনে ব্যাংকটির এমডি বলেন, গত ৬ মাসে (জানুয়ারি-জুন) সরকারি ব্যাংকগুলো মধ্যে আমরা সবচেয়ে বেশি মুনাফা করেছি। জনতা ব্যাংক ৪০৫ কোটি, অগ্রণী ৩৪০ কোটি মুনাফা করলেও সোনালী ব্যাংকের মুনাফা হয়েছে ৫৩৩ কোটি টাকা। তিনি বলেন, নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও ২০১৩ সালটি ছিল সোনালী ব্যাংকের ঘুরে দাঁড়ানোর এবং সংকট থেকে উত্তরণের বছর। ২০১২ সালের তুলনায় ২০১৩ সাল থেকেই ব্যাংকটির বিভিন্ন সূচক ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে এবং ২০১৪ সালে তা আরো বেগবান হয়েছে। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ হোসেন, মো. মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।