দীর্ঘদিন আন্দোলন শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবুমার্কেটে অবস্থিত কানাডিয়ান মালিকানাধীন র্যাডিকেল ডিজাইন লিমিটেডের ৭৮৪ জন শ্রমিককে ৪ মাসের বকেয়া বেতন প্রদান করেছে মালিকপক্ষ। তবে এসময় শ্রমিকদের নোটিস পে, সার্ভিস চার্জ, মাতৃত্বকালীন ছুটি, ঈদ বোনাস প্রদান না করেই জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা।
গার্মেন্ট কারখানাটি গত ৪ মাস আগেই বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলন শুরু করে। সম্প্রতি বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়।
গত সোমবার প্রতিষ্ঠানটিতে ৭৮৪ জন শ্রমিককে ৪ মাসের বকেয়া বেতন প্রদান করে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রধান ফটকের বাইরে বেশ কিছু শ্রমিক ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে, গত মার্চ থেকে জুন মাস পর্যন্ত ৪ মাসের বকেয়া বেতন প্রদান করলেও শ্রমিকরা নোটিস পে, সার্ভিস চার্জ, মাতৃত্বকালীন ছুটি, ঈদ বোনাস, ১৮ দিনের আর্ন লীভ পাওনা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেও বেতন ভাতা না পাওয়ায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। যার ফলে বেশিরভাগ শ্রমিকই অনেকটা বাধ্য হয়ে অব্যাহতিপত্রে স্বাক্ষর দিয়েছেন। তবে এসময় অনেকেই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে ক্ষোভ প্রকাশ করেছেন।
