নতুন কর আরোপ ছাড়াই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০১৪-২০১৫ অর্থ বছরের ৪০৭ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৯৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগর ভবনের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আহসান হাবিব কামাল।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯৯ কোটি ৬ লাখ ৯৪ হাজার ৯৭৫ টাকা। সমপরিমাণ ব্যয় দেখানো হয়েছে রাজস্ব খাতে। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৩’শ ৮ কোটি ৮২ লাখ টাকা। উন্নয়ন ব্যয়ও সমপরিমাণ। ফলে বছর শেষে ঘোষিত বাজেটে কোন উদ্বৃত থাকছে না।
ঘোষিত বাজেটে বিধবা ভাতা প্রদানের জন্য ৩৫ লাখ টাকা, একটি বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে বাজেটে দুঃস্থ মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের সহায়তার জন্য ১৫ লাখ টাকা, ধর্মীয় উত্সবে অনুদানের জন্য ১০ লাখ টাকা, বৃক্ষ রোপণ ও সংরক্ষণ খাতে ১০ লাখ, শিশুবান্ধব নগরী গড়া ও অবহেলিত নারী অধিকার সংরক্ষণ কার্যক্রমে ১০ লাখ, গড়িয়ার পাড়ে নতুন বাস টার্মিনাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণ খাতে ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নগরীর বস্তি উন্নয়নে বাজেটে বরাদ্দ ধরা হয়েছে ২৫ লাখ টাকা। নগরীর জেল খাল, সাগরদী খাল, লাকুটিয়া খালসহ ৮টি খাল পুনঃখনন ও দখলমুক্তকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে এক কোটি টাকা।
