পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের দিন শেষ : নাসিম

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:৫৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আন্দোলনের নামে হুমকি দিয়ে কাউকে ফায়দা লুটতে দেয়া হবে না। ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের দিনও শেষ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তিনটি গ্রামে বিদ্যুত্ সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছেন; কিন্তু বিএনপি নিয়মতান্ত্রিক রাজনীতির পথ পরিহার করে আবারও আন্দোলনের নামে নৈরাজ্যকর রাজনীতিকে উস্কে দিচ্ছে। তিনি বেগম জিয়ার উদ্দেশে বলেন, মাথা ঠাণ্ডা রেখে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। সরকারকে সহযোগিতা করুন। এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, বিদ্যুত্ খাতে সরকারের সফলতার সুফল এখন গ্রামের মানুষ ভোগ করছে। আওয়ামী লীগে যোগদান এদিকে সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সভাপতি আনসার আলীর নেতৃত্বে বিএনপিপন্থি শ্রমিক নেতারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাত্ করে তারা আওয়ামী লীগে যোগ দেন।