বাগেরহাট কোর্ট থেকে পালিয়ে যাওয়া আসামি খুলনায় গ্রেফতার

আপডেট : ২২ জুলাই ২০১৪, ২২:৫৬
বাগেরহাটে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না ডাকাতি মামলার আসামি দোলোয়ার হোসেনের। ২০ দিন পর সোমবার রাতে খুলনার তেরখাদা এলাকা থেকে তাকে বাগেরহাট থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। পরে তার সহযোগীদের আটকের জন্য দেলোয়ারকে নিয়ে রাখালগাছির পাইকপাড়া গ্রামে অভিযান চালানোর সময় সে গুলিবিদ্ধ হয়। পুলিশ এ সময় একটি বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। ডাকাতি মামলার আসামি দেলোয়ার হোসেন (২২) খুলনার তেরখাদা উপজেলার মধুপুর এলাকার আব্দুল গফুর গাজির ছেলে। মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় দেলোয়ারকে খুলনা মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গত ২ জুলাই বুধবার দুপুরে জেলখানা থেকে একটি ডাকাতি মামলায় আদালতে আনা হলে এ আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ফিরোজুল ইসলাম, আব্দুল আজীজ, শুকরঞ্জন অধিকারী, আব্দুল মজিদ ও ফারহানা আক্তার নামের ৫ পুলিশ কনস্টবলকে সাময়িক বরখাস্ত করা হয়।