পূর্বধলার কর্মসৃজন কর্মসূচির ২২ লাখ টাকা ফেরত গেল

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২১:১৪
পূর্বধলা উপজেলার নারান্দিয়া এবং পূর্বধলা সদর ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচির জন্য বরাদ্দ ২২ লাখ টাকা ফেরত গেছে। ওই দুটি ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে সদস্যদের সমন্বয়হীনতার কারণে কর্মসৃজনের কাজ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। হতদরিদ্রদের জন্য সৃষ্ট কর্মসৃজন কর্মসূচির জন্য পূর্বধলা উপজেলার ১১টি ইউনিয়নে এক কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে ৯টিতে কর্মসৃজনের কাজ চললেও উপজেলার নারান্দিয়া এবং পূর্বধলা সদর ইউনিয়নে কাজ হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেদ রানা জানান, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে পরিষদের সদস্যদের সমন্বয়হীনতার কারণেই কর্মসৃজনের কাজ হয়নি। তাই এ ইউনিয়নের বরাদ্দ ১১ লাখ টাকা এবং একই কারণে পূর্বধলা সদর ইউনিয়নের বরাদ্দ ১১ লাখ টাকাও ফেরত গেছে। দুর্নীতির অভিযোগে এ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা দিয়েছেন।