ঢাবিতে শামসুন্নাহার হল কালো দিবস পালন

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:০০
নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ‘কালো দিবস’ পালিত হয়েছে। একইসাথে সেদিনের ঘটনার সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। ২০০২ সালের ২৩ জুলাই রাতে শামসুন্নাহার হলের গেট ভেঙে ছাত্রীদের উপর হামলা চালায় পুলিশ। এ ঘটনায় দায়ী করে তখনকার প্রশাসন এবং ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলেন শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে তত্কালীন ভিসিকে পদত্যাগও করতে হয়। ২০০৩ সাল থেকে এ দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে আসছে ছাত্রলীগসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার রাতে আলোর মিছিল বের করে ছাত্রলীগ। শামসুন্নাহার হল শাখা ছাত্র ইউনিয়ন গতকাল একটি দেয়াল পত্রিকা প্রকাশ এবং হলের সামনের দেয়ালে দেয়ালচিত্র অঙ্কন করেছে। এছাড়া বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।