প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানসিক স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞ উপদেষ্টা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল বলেছেন, অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়। তারা আমাদেরই সন্তান। একজন সুস্থ-সবল শিশুর মতো তাদেরও বেড়ে ওঠার সমান অধিকার রয়েছে। একজন অটিস্টিক শিশুর বাবা-মা বোঝেন তাদের কত কষ্ট। অটিস্টিক শিশুদের কল্যাণের জন্য আরো কিছু করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদফতরের মিলনায়তনে নবগঠিত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্যে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এ কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। সভায় নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট্রি বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক সুশান্ত কুমার ট্রাস্ট আইনি বিষয় উপস্থাপন করেন।
পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন গোলাম রাব্বানী প্রমুখ। অনুষ্ঠান চলাকালে সমাজকল্যাণ মন্ত্রী মাঝে মাঝে ঘুমিয়ে পড়েন।
