চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে বহু প্রত্যাশিত মেরিনার্স সড়ক যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। ১২ কোটি টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ও ৩৫ ফুট প্রশস্ত আরসিসি সড়কটি নির্মাণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সড়কটি চালু হওয়ায় বন্দরনগরীর সাথে দক্ষিণ চট্টগ্রামের ৭ উপজেলা, কক্সবাজার ও বান্দরবান জেলার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হলো। ইতিপূর্বে নগরীর প্রাণকেন্দ্র থেকে ওইসব এলাকায় যেতে বহদ্দারহাট হয়ে প্রায় ১০ কিলোমিটার ঘুরে শাহ আমানত সেতুতে উঠতে হতো। তীব্র যানজটের কারণে এই দূরত্ব অতিক্রম করতে কয়েক ঘণ্টা পর্যন্ত সময় নষ্ট হতো। এখন কয়েক ঘণ্টার দূরত্ব মাত্র কয়েক মিনিটে অতিক্রম করা যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এর পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী পণ্যবাহী ট্রাকের কারণে নগরীতে সৃষ্ট যানজটও অনেকাংশে কমে যাবে বলে সিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
চসিক সূত্র জানায়, নগরীর ফিরিঙ্গিবাজার থেকে চামড়া গুদাম পর্যন্ত মেরিনার্স সড়কের ৮০ শতাংশ নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। মূল পরিকল্পনা অনুযায়ী আরো ৬০০ ফুট রাস্তা এবং ২০০ ফুট একটি সেতু নির্মাণের কাজ এখনো বাকি রয়েছে। এ কাজ শেষ হলে সড়কটি শাহ আমানত সেতুর সাথে বন্দরনগরীকে সংযুক্ত করবে। সড়কের অসমাপ্ত কাজ চলতি অর্থবছরের মধ্যেই শেষ হবে। তবে আসন্ন ঈদে তীব্র যানজটে নগরবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে গতকাল বুধবার মেরিনার্স সড়কটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. মনজুর আলম অচিরেই মেরিনার্স সড়কটি চার লেইনে উন্নীত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৫ কোটি টাকা খরচ করা হবে বলে জানান তিনি।
গতকাল বুধবার মেরিনার্স সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. মনজুর আলম বলেন, মেরিনার্স সড়কটির জন্য চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। দক্ষিণ চট্টগ্রাম, বান্দবান ও কক্সবাজারের ১ কোটি মানুষের চলাচলের সুবিধার্থে মেরিনার্স সড়ক নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, রাজাখালী সেতুটি নির্মিত হলে শাহ আমানত সেতুর সাথে সরাসরি সংযোগ স্থাপিত হবে। এর ফলে নাগরিকদের চলাচল আরো সহজতর হবে। মেয়র বলেন, অচিরেই মেরিনার্স সড়ককে চার লেইনে উন্নীত করা হবে এবং এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ২৫ কোটি টাকা খরচ করা হবে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম. জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
