আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) বিএনপির আন্তর্জাতিক ফ্রন্ট হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচও বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে মিল রেখে র্যাব বিলুপ্তির কথা বলেছে। কোন বাহিনীর দু’একজনের অপরাধ কিংবা নৈতিক স্খলনের জন্য পুরো বাহিনীকে বিলুপ্ত করা কখনোই সমীচীন নয়। মূলত এ রকম বেশকিছু সংগঠন আছে যারা মানবাধিকার সংগঠনের ছদ্মাবরণে রাজনীতির সাথে যুক্ত।
গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলিয়ে বরং গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার জন্য এইচআরডব্লিউ’র প্রতি আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল কয়েকটি গণমাধ্যমে ভুল খবরের প্রেক্ষিতে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যে অশালীন ও অবান্তর কথা বলেছেন তাতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ আছে। তিনি আরো বলেন, মদিনায় নাকি সাঈদী পুত্র ও তারেক রহমান একসাথে বৈঠক করেছেন। মূলত তারা পবিত্র ওই শহরে বসেছেন তাদের অপবিত্র ষড়যন্ত্রের নীলনকশা বপনের জন্য। তারেক রহমানকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনি এতো দেশে যান কিন্তু বাংলাদেশে কেন আসেন না? আপনি যদি অপরাধী না হয়ে থাকেন তাহলে দেশে আসুন। জনগণকে জিম্মি করে স্বার্থ হাসিলের চেষ্টা করবেন না।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করা হচ্ছে। অচিরেই তাদের বাদ দিয়ে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশরত্ম পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, বলরাম পোদ্দার, চিত্ত রঞ্জন দাস, অরুন সরকার রানা, শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।
