চট্টগ্রামে মার্কেটে ছাত্রলীগের হামলা লুটপাট

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৩৫
নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় স্যানমার ওশান সিটি শপিং মলে মধ্যরাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক দোকান মালিকরা অভিযোগ করেন, তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় ওমরগনি এমইএস কলেজ ভিত্তিক ছাত্রলীগের একটি গ্রুপ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় মার্কেটে ঈদের শপিং করতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ নামধারীদের তাণ্ডবে কিছুক্ষণের মধ্যেই পুরো মার্কেট ফাঁকা হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও হামলাকারীদের কাউকে তারা গ্রেফতার করেনি। এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুক ইত্তেফাককে বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা মামলা করতে আগ্রহ দেখাননি। মামলা করার জন্য ব্যবসায়ী সমিতির নেতাদের মাঝরাতে থানায় নিয়ে আসা হয়; কিন্তু তারা হামলাকারীদের সাথে সমঝোতা হয়েছে দাবি করে থানা থেকে চলে যান। তাই পুলিশের করার কিছু ছিল না। কাউকে এ ঘটনায় গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় অবস্থিত স্যানমার ওশান সিটির ষষ্ঠ তলায় মামস ইয়াম নামে একটি ফাস্টফুড শপে খাবার নিয়ে একদল তরুণের সাথে দোকানকর্মীদের বাদানুবাদ হয়। এর জের ধরে উচ্ছৃঙ্খল তরুণরা চেয়ার মারামারি শুরু করে। কিছুক্ষণের মধ্যে তাদের আরো সহযোগী লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে সেখানে গিয়ে মামস ইয়াম ছাড়াও আরো ৫টি দোকান ভাংচুর করে। এসময় তারা দোকানের মালামাল লুটপাট করে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন। স্যানমার ওশান সিটি ব্যবসায়ী সমিতির এক নেতা বলেন, ফুড কর্নারে নুডুলস তৈরি করে দিতে দেরি হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ভাংচুর চালায়।