বিশ্বব্যাংকের সংস্কার দাবি করল ভারত

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৩৮
ভারতের নতুন সরকার উন্নয়নশীল দেশগুলোর বিকাশমান বাস্তবতার প্রতিফলন ঘটাতে বিশ্ব ব্যাংকের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বিশ্ব ব্যাংকের সফররত প্রধান জিম ইয়াং কিমের সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান। বৈঠকে জেটলি বিশ্বব্যাংকের কর্মকাণ্ডে তাত্পর্যপূর্ণ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। খবর এএফপির। জেটলি কিমকে বলেন, দারিদ্র বিমোচন ও উন্নয়নে বৈশ্বিক ভূমিকা পালনের পাশাপাশি বিশ্ব ব্যাংকের পরিচালনায় উদীয়মান বিশ্ব ব্যবস্থার প্রতিফলন ঘটাতে হবে। কিম ভারতের ক্ষমতাসীন ডানপন্থী দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের লক্ষ্যে ভারত সফর করছেন। উল্লেখ্য, চলতি জুলাই মাসের মাঝামাঝি ব্রাজিলে অনুষ্ঠিত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস সম্মেলনে বিকল্প উন্নযন ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণার পর পরই বিশ্ব ব্যাংকের সংস্কারের তাগিদ দিলো ভারত। ব্রিকস নেতৃবৃন্দের ৫০ বিলিয়ন ডলারের ঘোষিত এই ব্যাংকের প্রধান কার্যালয় হবে চীনের সাংহাইয়ে। এর প্রথম রোটেটিং প্রেসিডেন্ট হবে ভারত।