দুর্ঘটনায় এমপি আহত, গৃহপরিচারিকা নিহত

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৪৯
বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে জেলার সদর উপজেলায় বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাব হোসেনের (৬০) মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় সংসদ সদস্যের গৃহপরিচারিকা আয়না খাতুন (২৬) নিহত হয়েছেন। এ সময় সংসদ সদস্য, তার স্ত্রী ও ছেলেসহ ৫ জন আহত হয়। কড্ডার মোড়ে গতকাল দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়না খাতুন সংসদ সদস্যের বাড়ির গৃহপরিচারিকা। তার বাড়ি বগুড়ার শাহজাহানপুর। আহতরা হলেন-সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাব হোসেন, তার স্ত্রী হাসনাবানু (৫০), ছেলে ফয়জুল ইসলাম (৩৪), আত্মীয় ওয়াহেদুল ইসলাম (৪৩) ও অপর গৃহপরিচারিকা উম্মে হাবিবা (১৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাব হোসেন তার পরিবারে সদস্যদের নিয়ে মাইক্রোবাসে ঢাকা থেকে বগুড়া ফিরছিলেন। তাদের বহনকারি মাইক্রোবাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে জেলার সদর উপজেলার কড্ডার মোড়ে পৌঁছালে গতকাল দুপুর ২টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গৃহপরিচারিকা আয়না খাতুন নিহত হন। পুলিশ তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক সুব্রত সাহা জানান, সংসদ সদস্যসহ অপর আহতরা বর্তমানে আশংকামুক্ত রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।