ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন বোনাস

আপডেট : ২৩ জুলাই ২০১৪, ২২:৫০
শ্রম প্রতিমন্ত্রী মো. মজিবুল হক (চুন্নু) বলেছেন, চলতি বছরে বেতন-বোনাস নিয়ে সরকার আগাম সতর্ক ছিল। আশা করি ২৬ জুলাইয়ের মধ্যেই সুষ্ঠুভাবে শ্রমিকদের বেতন বোনাস দেয়া হবে। এদিকে ঈদের আগেই তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে কোন আশংকা নেই বলে জানিয়েছে পোশাক কারখানার মালিকরা। গত মঙ্গলবার পর্যন্ত মাত্র ১৫টি কারখানায় সমস্যা হতে পারে বলে আশংকা করছে বিজিএমইএ। তাদের দাবি, পোশাক কারখানার মোট সংখ্যা থেকে এটা একেবারেই নগণ্য। কালের কণ্ঠ আয়োজিত ‘পোশাক শ্রমিকের বেতন-বোনাস: প্রেক্ষিত ঈদ উত্সব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আইএফআইসি মোবাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় গত মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী মো. মজিবুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, ঈদের আগের বেতন-বোনাস গত কয়েক বছর ধরে বেশ ইতিবাচক। গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন শিল্পাঞ্চল পুলিশের মহা-পরিচালক আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা-পরিদর্শক সৈয়দ আহমেদ, বিজিএমইএর সাবেক প্রথম সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক কম্বাইন্ড টেক্সটাইল লিমিটেডের এসএম নূরুল হক, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি, লুত্ফুন্নাহার লতা, মোশরেফা মিশু, নাজমা আকতার প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি