নৌযানে অতিরিক্ত যাত্রী বহন করা হলে কঠোর ব্যবস্থা — নৌমন্ত্রী শাহজাহান খান

আপডেট : ২৪ জুলাই ২০১৪, ২১:২৮
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন মতেই ঈদে ঘরমুখো যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কেউ এই ধরনের চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত সাথে সাথে ব্যবস্থা নেবে। তিনি বৃহস্পতিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে ঈদ পূর্ব প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের একথা বলেন। শাহজাহান খান বলেন, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে উল্টো স্রোতের কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। ডাম্প ফেরিগুলিকে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। ডাম্প ফেরিগুলোকে উল্টো স্রোতে চলাচলে সহযোগিতার জন্য আইটি জাহাজ বা টাগ বোট রাখা হয়েছে। মন্ত্রী বলেন, কোন মতেই সি-বোটে লাইফ জ্যাকেট ছাড়া যাত্রী পারাপার করা যাবে না। যদি কোন সি-বোটে লাইফ জ্যাকেট না থাকে, দ্রুত সময়ের মধ্যে তার ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।