কেন্দ্র থেকে ঘোষিত রংপুর মহানগর বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দ ও তাদের সমর্থকদের সাথে বিদ্রোহী গ্রুপ এবং পুলিশের ত্রি-মুখী সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ এবং ব্যাপক লাঠিচার্জ করে। আহতদের মধ্যে ১৫ জনকে রংপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর শালবন এলাকায় এঘটনা ঘটে। রাতে এ রিপোর্ট পাঠানোর সময় উভয় গ্রুপের নেতা-কর্মীদের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।
জানা যায়, গতকাল বিকালে শালবন এলাকার একটি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির প্রথম সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে কমিউনিটি সেন্টারে যাওয়ার চেষ্টা করে। এসময় উভয় গ্রুপের মাঝে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে পুলিশ উভয় গ্রুপের মাঝে অবস্থান নিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় গ্রুপের ৩০ জন আহত হয়।
