সরকার ‘অনৈতিকভাবে’ ক্ষমতা দখল করে আছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে এই অনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন চালানো হবে। তিনি বলেন, ঢাকা মহানগরের নতুন কমিটিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে তুমুল আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ সব কথা বলেন।
ফখরুল বলেন, ঈদের পর কিংবা ঈদের আগে কোনো কথা নয়। বিএনপির আন্দোলন চলছে, চলবে। ইতিমধ্যে আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট না দিয়ে আন্দোলনের পক্ষে রায় দিয়েছে। দেশ ও বিশ্বের মানুষ ওই নির্বাচন গ্রহণ করেনি।
দলের নবগঠিত ঢাকা মহানগর কমিটিকে স্বাগত জানিয়ে ফখরুল বলেন, এ কমিটি ভবিষ্যত্ আন্দোলনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। কমিটির এখন মূল কাজ সংগঠনকে পুনর্গঠনের মাধ্যমে আন্দোলনের উপযোগী করা।
শ্রদ্ধা নিবেদনের সময় মহানগরের নতুন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্ব নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, ঢাকা মহানগরের যুগ্ম-আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, দলীয় নেতা বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী আহমেদ, সালাহউদ্দিন আহমেদ, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
