সড়ক উন্নয়ন মন্ত্রীর মুখেই, বাস্তবে মরণ ফাঁদ : রিজভী

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:১৩
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সড়ক উন্নয়নের বুলি শুধু মিডিয়াতেই আমরা জানতে পারি সংশ্লিষ্ট মন্ত্রীর মুখ দিয়ে। বাস্তবে দেশের সড়ক-মহাসড়কগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ যোগাযোগমন্ত্রীর বক্তব্য শুনে মনে হয় সব রাস্তাঘাট ‘ঝাঁ চকচকে মসৃণ’। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভীর অভিযোগ, ঈদের আগে দেশের সর্বত্র তথা হাট, ঘাট, বন্দর, নগর, মহানগর, সড়ক-মহাসড়কে চলছে পুলিশ ও সরকারি ক্যাডারদের চাঁদাবাজির মহোত্সব। রিজভী আরও বলেন, দেশের মানুষ ও দেশকে নরকের মধ্যে ঠেলে দিয়ে সম্রাট নিরোর মতো বাঁশি বাজাচ্ছেন একক ক্ষমতার অধিকারী স্বয়ং প্রধানমন্ত্রী। চারদিকের ভয়ঙ্কর অরাজকতার মধ্যে প্রধানমন্ত্রী ফুরফুরে মেজাজে শুধু বিরোধী দলের ওপরই আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এদিকে, গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, শুধু কথায় নয়, কাজেও আন্দোলন সফল করতে হবে। এজন্য বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। আন্দোলন সফল করতে হলে মহানগর কমিটিকে ব্যর্থ হলে চলবে না।