পটুয়াখালীর আউলিয়াপুরের বলাইকাঠী বেড়িবাঁধ নদীগর্ভে

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:১৮
অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাসের স্রোতের তোড়ে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামের বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। সেই সাথে নদীগর্ভে বিলীন হচ্ছে বাঁধের উপর নির্মিত ইউনিয়ন সংযোগ সড়ক। জোয়ারের পানি তিন গ্রাম প্লাবিত হচ্ছে। সংযোগ সড়কটি বিলীন হয়ে ঐ এলাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাতায়াতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। জোয়ারের পানি অভ্যন্তরে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ঐসব এলাকার আমন বীজতলা পচে যাচ্ছে। এছাড়াও বাঁধের উপর নির্মিত সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় এলাকার লোকদেরকে হাটু কাদা-পানি ভেঙ্গে অনেক ঘুর পথে যাতায়াত করতে হয়। আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, তাদের বলাইকাঠি গ্রামের বাঁধ ভেঙ্গে যাওয়ায় তিন গ্রামের পাঁচ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের উপর দিয়ে চলাচলের পাকা ইউনিয়ন সংযোগ সড়কটিও নদীতে ভেঙ্গে পড়ায় সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সামনে অমাবশ্যার ‘জো’-এর জোয়ারের প্লাবনে আরো এলাকা তলিয়ে যাবে। দ্রুত এই বেড়িবাঁধ মেরামত করা না হলে মানুষের দুর্ভোগসহ কৃষিতে এর প্রভা পড়বে। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিউদ্দিন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা পেলেই এই বেড়িবাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।