বাগমারা উপজেলার হামিরকুত্সা ইউনিয়নের ২নং ওয়ার্ড মাঝগ্রামে ১২০০ ফুট একটি মাটির রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরে অভিযোগ করেন। রাস্তাটিতে এর আগে চল্লিশ দিনের কর্মসৃজন কর্মসূচির মাধ্যমে মাটির কাজ করা হয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহে মাঝগ্রামের আহম্মেদ আলীর বাড়ি হতে গোয়ালবাড়ি পর্যন্ত ১২শ’ ফুট রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা। ইতিমধ্যে রাস্তাটির প্রায় ৪ শত ফুট কাজ শেষে বন্ধ করে দেয়া হয়েছে। জানা গেছে রাস্তাটির প্রকল্প সভাপতি ওই ওয়ার্ডের ইউপি সদস্য মজনু রহমান গোটা রাস্তায় মাটি কাটার কাজ বাবদ ২ লাখ টাকা বরাদ্দ পেলেও মাত্র ৫০ হাজার টাকায় স্থানীয় ঠিকাদার খবির উদ্দিনকে চুক্তি দিয়েছেন। ঠিকাদার খবির উদ্দিন গত এক মাস ধরে একটি ভ্যান দিয়ে রাস্তার ওপর মাটি দিলেও এখন সেই কাজটিও বন্ধ রয়েছে। রাস্তাটি ১২ ফুট প্রশস্ত করার কথা থাকলেও করা হয়েছে মাত্র ৭ থেকে ৮ ফুট।
মাঝগ্রামের আক্কাস আলী, রফিকুল ও ইয়াদ আলীসহ অনেকে জানান, এ রাস্তায় সিডিউল অনুযায়ী কাজ না করে সামান্য মাটি ফেলা হয়েছে।
প্রকল্প সভাপতি ইউপি সদস্য মজনু রহমানের দুইটি মোবাইলে যোগাযোগের চেষ্টা করে সেগুলো বন্ধ পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন আলী জানান, রাস্তাটির মাটির কাজে অনিয়ম হওয়ায় প্রকল্পে কোন অর্থ ছাড় দেয়া হয়নি। সিডিউল মোতাবেক পুরো কাজ আদায় করে তবেই অর্থ ছাড় করা হবে।
