সুনামগঞ্জ শহরে জমজমাট ঈদ বাজার

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:২২
আর মাত্র কয়েকটি সূর্যাস্তের পর পশ্চিমের আকাশে উঁকি দেবে ঈদের চাঁদ। দেশের আকাশে-বাতাসে বেজে উঠবে জাতীয় কবির ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। এই উত্সবে নিজেকে রাঙাতে সুনামগঞ্জের সকল বয়সী মানুষ ছুটছেন বিপণি বিতানগুলোতে। শহরের সবকটি বিপণি বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তরুণ-তরুণী, শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষ ব্যস্ত সময় পার করছেন পছন্দের কেনাকাটায়। দিনে ভিড় কিছুটা কম হলেও সন্ধ্যায় ক্রেতাদের সংখ্যা দ্বিগুণ হয়ে পড়ে। এই গাদাগাদি আর ভিড় ঠেলে সকলে কিনছেন তাদের পছন্দের পোশাকটি। শহরের সুরমা হকার্স সমবায় মার্কেট, দ্দোজা শপিং কমপ্লেক্স, লন্ডন প্লাজা, ইউনাইটেড প্লাজা, আফাজ মার্কেট, আহসান ম্যানশন, কালিবাড়ি পৌর শপিং কমপ্লেক্স, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, ওসমান গনি মার্কেট এবং লেইস সেন্টারের প্রায় সবকটি দোকানে এখন ক্রেতাদের ভিড় লেগেই আছে।