শুরু হচ্ছে পাঁচশ’ বছরের পুরানো ঈদ মেলা

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:২৩
রাজশাহী বাঘায় এবারও অনুষ্ঠিত হবে ঈদ মেলা। প্রায় পাঁচশ’ বছর ধরে শাহী মসজিদ ও মাজার এলাকায় এ মেলা হয়ে আসছে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে ইতোমধ্যে মেলাটি ইজারা প্রদান করেছে মাজার কর্তৃপক্ষ। মাত্র ১৫ দিনের জন্য এ মেলাটি এবার ইজারা দেয়া হয়েছে ২৩ লাখ ২০ হাজার টাকা। স্থানীয়দের মতে, উত্তরাঞ্চলে এটিই সবচেয়ে বড় ঈদ মেলা। ঈদের দিন থেকে এ মেলা শুরু হবে। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে আসবে লাখ-লাখ মানুষ। এ মেলা মূলত মুসলমানদের ধর্মীয় উত্সব হলেও সব সমপ্রদায়ের মানুষ মেলায় আসেন। মেলাকে ঘিরে দোকানীরা তাদের পসরা সাজিয়ে বসে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা-কেনা। এবারের মেলায় আসবে বাংলার হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির অন্যতম আকর্ষণ যাত্রাপালা। প্রায় ৫শ’ বছর পূর্বে বাগদাদ থেকে হজরত শাহদৌলা (রাঃ) পাঁচজন সঙ্গীসহ বাঘায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। বসবাস শুরু করেন রাজশাহী শহর থেকে ৪৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোণে পদ্মা নদীর তীরের কসবে বাঘায়। বাদশাহ নাসিরউদ্দিন সে সময় তাঁর জন্য এখানে বিশাল একটি মসজিদ তৈরি করেন। নাম দেন শাহী মসজিদ। মসজিদের পাশেই আছে ৫২ বিঘা জমির উপরে খননকৃত বিশাল আকারের শাহী দীঘি।