পীরগঞ্জে ৩জনসহ পৃথক ঘটনায় ৯ জন নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২১:৪৫
পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজনসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত রংপুরের পীরগঞ্জের মহাজিদপুর এলাকায় গতকাল শুক্রবার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন জহিরুল ইসলাম (৩৫) ও আনোয়ার হোসেন (৩২)। আহতদের পীরগঞ্জ ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুল গণী জানান, ঢাকা থেকে গার্মেন্টস শ্রমিক নিয়ে রির্জাভ ভাড়ায় লালমনিরহাটগামী আজমেরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে একই দিন উপজেলার মকিমপুর গ্রামের বাসিন্দা পীরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের ভিজেটর উম্মুল আকমা মিনা (৪৮) মোটরসাইকেল থেকে পড়ে নিহত হন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কাশিগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার সকালে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। হতাহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাকান্দা থানার ওসি আলী আহাম্মেদ জানান, নিহত ও আহত প্রাইভেটকারে করে বিদেশ থেকে নিজবাড়ি নেত্রকোনা ফিরছিল। জিয়ানগরে ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট টগড়া মোড় এলাকায় গতকাল শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় হাফিজুর রহমান বাবু (৪০) নামে সন্ধ্যানী লাইফ ইন্স্যুরেন্সের এক কর্মকর্তা মারা গেছেন। পিরোজপুরগামী বনফুল পরিবহনের একটি বাসের সাথে হাফিজুর রহমান বাবুর বহনকারী মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে পিরোজপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নড়াইলে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু নড়াইল সদর উপজেলার ফুলশ্বর গ্রামে গত শুক্রবার সকালে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে হাদিস মোল্লা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের কুমার নদী থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মুকসুদপুর থানার ওসি সালাহউদ্দিন মিয়া জানান, স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উল্লাপাড়ায় নিহত এক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া বাজারের পাশে গতকা শুক্রবার সকালে যাত্রীবাহী নছিমনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই সুলতান হোসেন (৪৫) নামে এক নছিমন যাত্রী নিহত ও আরো ৩ যাত্রী আহত হন। আহতদের পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় উল্লাপাড়া বেঙ্গল কমিউনিটি হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা হয়েছে।