ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এবং ইহকাল ও পরকালের মুক্তি কামনায় গতকাল শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিম জাতি।
রমজান মাসজুড়ে পবিত্র রোজা রাখা আর ইবাদত-বন্দেগির মধ্যেই গতকাল দেশের ধর্মপ্রাণ কোটি কোটি মুসলিম পবিত্র রমজান মাসে জুমার নামাজে শামিল হন। এদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর সবগুলোতে মসজিদে মুসল্লিদের ভিড় ছিল লক্ষ্যণীয়। বায়তুল মোকাররম মসজিদের শুধু ভিতরেই নয়, মুসল্লিদের অত্যধিক সমাগমের কারণে উত্তর, পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তায় মুসল্লিদের সমাগম ঘটে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি এবং কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আল বিদা, আল বিদা, ইয়া শাহ্র রামাদান। অর্থাত্ বিদায়, বিদায় হে মাহে রমজান।
রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। গতকাল জুমাতুল বিদা এবং শবে কদরের রাত একই দিনে হওয়ায় আরো মহিমান্বিত দিবস হিসেবে ইবাদতে লিপ্ত হন মুসলিমরা। জুমাতুল বিদার দিনটি সমগ্র মুসলিম বিশ্বে আল-কুদস দিবস হিসেবে পালিত হয়।
