সদরঘাটে ভাইকে খুঁজতে গিয়ে হারিয়ে গেল বোন

আপডেট : ২৫ জুলাই ২০১৪, ২৩:০০
ভাইকে খুঁজতে গিয়ে হারিয়ে গেছে বোন। নিখোঁজের চারদিন পর ভাই ফিরে এলেও বোন এখনও ফেরেনি। বাবা-মা প্রায় প্রতিদিন রাজধানীর সদরঘাটে লঞ্চ যাত্রীদের মধ্যে মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। গত ২৮ জুন সদরঘাটে ঝালকাঠির রাজাপুর থেকে নিখোঁজ সোহেলকে (১১) খুঁজতে গিয়ে নিখোঁজ হয় বড় বোন রুমা (১৭)। এ ঘটনায় রুমার বাবা ইসমাইল মোল্লা কোতয়ালী থানায় একটি জিডি করেছেন। জিডিতে বলা হয়, তেজগাঁওয়ের ২৩৮, নাখালপাড়ায় সবজি বিক্রেতা ইসমাইল মোল্লা ভাড়া থাকেন। গত ২৭ জুন ঝালকাঠির রাজাপুর থেকে তার ছোট ছেলে সোহেল নিখোঁজ হয়। তিনি ধারণা করেছিলেন যে, ছেলে হয়তো লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ২৮ জুন ভোরে তিনি তার স্ত্রী ও দুই মেয়ে জেসমিন ও রুমাকে নিয়ে সদরঘাটে যান। পিরোজপুর ও বরিশাল থেকে আগত লঞ্চগুলোতে খুঁজে তিনি তার ছেলেকে পাননি। এক পর্যায়ে সদরঘাটে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এসময় তার চারদিকে মানুষ জড়ো হয়। জ্ঞান ফেরার তিনি স্ত্রী ও মেয়ে জেসমিনকে দেখতে পান। কিন্তু রুমা হারিয়ে যায়। সদরঘাটে অনেক খোঁজ করার পরও তাকে আর পাওয়া যায়নি। চারদিন পর রাজাপুর থেকে তার ছেলে সোহেলের সন্ধান মিললেও এখন পর্যন্ত মেয়ে রুমার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার সময় রুমার পরনে ছিল কালো রঙের সালোয়ার ও কামিজ। গায়ের রঙ ফর্সা। উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। কেউ তার সন্ধান পেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।