রাজধানীর হাতিরঝিল ও মতিঝিলে পৃথক দুইটি ছিনতাইয়ের ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছে। হাতিরঝিলে মোবাইল ফোন অপারেটর রবি’র সেলসম্যান আব্দুল হান্নান সোহেলের কাছ থেকে ২ লাখ টাকা ও মতিঝিলে পানি ব্যবসায়ী মনির হোসেনের কাছ থেকে ৫৮ হাজার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে জখম হওয়া দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সোহেল জানান, তিনি রবি’র শাহজাদপুরের একটি ডিলারে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত। মগবাজারের সাত তারা গলির ২৮৫/এ নম্বর বাড়িতে থাকেন। তেজগাঁও বেগুনবাড়ি এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ করে শাহজাদপুর অফিসে ফিরছিলেন। হাতিরঝিল দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটর সাইকেল আরোহী তিন ব্যক্তি তার পথ রোধ করে। হাতে ও পেটে ছুরিকাঘাত করে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
আহত মনির হোসেন জানান, তিনি ফকিরাপুলে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করেন। শনিবার সকালে দোকান থেকে পানি বিক্রির ৫৮ হাজার টাকা সংগ্রহ করেন। মতিঝিল টিএন্ডটি কলোনি গলিতে হেঁটে যাওয়ার সময় তিন যুবক ধারালো ছুরি নিয়ে ঘিরে ধরে। তারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ৫৮ হাজার টাকা নিয়ে চলে যায়।
