কমলগঞ্জে দুই সিএনজি চালকের বাক বিতন্ডাকে কেন্দ্র করে চালক ও যাত্রীদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। পুলিশ ২ জনকে আটক করলেও আপোষ মীমাংসার আশ্বাসে পরে ছেড়ে দিয়েছে। শুক্রবার আলীনগর চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আলীনগর ইউনিয়নের সুনছড়া যাওয়ার পথে চালক সোহেল আহমেদ ও সুনছড়া থেকে আসার পথে চালক শাহনুর মিয়া গাড়ির হেড লাইট জ্বালানো নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চালক শাহনুর সিএনজি যাত্রীসহ অপর চালক সোহেলকে মারধোর শুরু করে। সোহেল ঘটনাস্থল থেকে এসে শমশেরনগর সিএনজি স্ট্যান্ডে ঘটনাটি জানালে শমশেরনগর সিএনজি স্ট্যান্ড থেকে কয়েকজন চালক আলীনগর চৌমুহনায় এসে অবস্থান নেয়। শাহনুর সিএনজি নিয়ে আলীনগর চৌমুহনায় আসলে পাল্টা আক্রমণ শুরু হয়। খবর পেয়ে ২য় দফা ভানুগাছ বাজার এলাকা থেকে প্রায় অর্ধ শতাধিক মানুষ দেশীয় লাটি সোটা নিয়ে পিকআপ ও মোটর সাইকেল যোগে আলীনগর চৌমুহনায় আসলে সংঘর্ষ বাঁধে। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। দুই দফা সংঘর্ষে সোহেল, শহীদ, ইসমাইল, শাহনূর ও মকবুল নামের ৫ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান বিষয়টি আপোষ মীমাংসার কথা বলে আটককৃতদের নিজ জিম্মায় ছাড়িয়ে আনেন।
