নেত্রকোনা সদর উপজেলার রাজুর বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ধারালো অস্ত্রের আঘাতে জেলা কৃষক লীগের সদস্য একে এম মাসুদ ওরফে ফারুক (৫২) খুন হয়েছেন। এ ঘটনার পর নিহতের লোকজন সবুজের গ্রামের বাড়ি ঘরে আগুন দেয় এবং ভাঙচুর করে।
মাসুদ সদর উপজেলার পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামের মৃত আবদুল মুকিতের ছেলে। তিনি একজন ঠিকাদারি ব্যবসায়ী। কালা মাসুদ হিসাবে রাজুর বাজার এলাকায় পরিচিত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহরের বালুয়াখালি এলাকার মাসুদ ফারুকের ছেলে স্বাধীনের (১৫) সঙ্গে পূর্বে একই এলাকার সবুজ মিয়ার ছেলে নয়নের (১৫) হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে সবুজ ও তার ছেলের বিরুদ্ধে নেত্রকোনা থানায় মামলা করেন মাসুদ। এরই জের ধরে সন্ধ্যায় রাজুর বাজার এলাকায় মাসুদ ফারুকের ব্যবসায়িক চেম্বারের সামনে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
