শেষ কথাগুলি হলো সুর হয়ে ওঠা
এই যে ধ্বনিতে—হূদযন্ত্রে, অনুরাগে
বেজে ওঠে অধীর প্রলাপ; তাকে বলি
কিছু মন্ত্র দাও।
মেঘের ভিতর থেকে যেন ছায়া হয়ে
ঢেকে দেয় শেকড়বাকড়। অস্তিত্বের
আজ বড় ক্ষরণপ্রদাহ, তাকে বলি
কিছু বৃক্ষ দাও।
অগোচরে পাতায়-পাতায় গান হয়ে
ভেসে যাবে চরাচর—শেষ কথাগুলি।
