আনারকলি-মাসাককালি
থাকবে জরি পাঁচমিশালি—
এমন দুটো ড্রেস কিনতে
ধরল মেয়ে বায়না।
কতখানিক মুখ শুকালো
দেখতে ধরি আয়না।
ছেলে আবার খুব স্মার্ট—
কিনবে সে, হাত গুটানো শার্ট,
একটি রঙিন পাঞ্জাবি আর
প্যান্ট কিনবে জিন্সই—
বুকের উপর হাতটা রাখি
কমলো কত ইঞ্চি!
বউয়ের আছে মেজাজ গরম
করতে হলে তাকে নরম
শাড়ির সাথে দিতেই হবে
অল্প কিছু গয়না—
এবার মাথা বিগড়িয়ে যায়,
সয় না প্রাণে সয় না।
দাবি-দাওয়া না থাকলেও,
বাবার একটা পাঞ্জাবি আর
মার জন্য শাড়ি
না কিনে কি ফুর্তি করে
ঈদ কাটাতে পারি?
হিসেব করে দেখি, আমার
বেতন-বোনাস সব ফুরোবে,
সামনে পুরো মাস—
হাতটা মাথায় দিয়ে ফেলি
ঈদের দীর্ঘশ্বাস।
