নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল রবিবার সকালে দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে এক গৃহবধূ নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া দক্ষিণপাড়া এলাকার মুদি ব্যবসায়ী নূরউদ্দিনের স্ত্রী শিলা আক্তার (২৫) ২ শিশু কন্যা মম (৪) ও কারিমাকে (২) বিষপান করিয়ে নিজেও বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে বাড়ি ও আশপাশের লোকজন এ ঘটনা দেখে তাদের তিন জনকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তিন জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সম্প্রতি নূরউদ্দিন স্ত্রী শিলাকে না জানিয়ে অন্যত্র বিয়ে করে। এ নিয়ে গৃহবধূ শিলা গতকাল রবিবার সকালে স্বামী নূরউদ্দিনকে জিজ্ঞাসা করলে শাশুড়ি রাহিমা বেগম ও স্বামী নূরউদ্দিন শিলাকে মারধর করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিলা নিজের ২ শিশু কন্যা মম ও কারিমাকে বিষপান করিয়ে নিজেও বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা চালায়। এ ঘটনার পর স্বামী নূরউদ্দিন ও শাশুড়ি রাহিমা বেগম পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।
