ব্রিকস ব্যাংকে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রভাব মুক্ত হয়ে পাঁচ জাতির উদ্যোগে গঠিত হতে যাওয়া ব্রিকস ব্যাংকে যোগ দেয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ।
টোকিওভিত্তিক আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাটে’ উল্লেখ করা হয়েছে, ৫ হাজার কোটি ডলার তহবিল ঘোষিত ব্রিকস ব্যাংকের উল্লেখযোগ্য শেয়ারের মালিকানা লাভ করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করার কথা ভাবছে। সম্প্রতি ব্রাজিলের ফোর্তেলেজা নগরীতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে ৫ হাজার কোটি ডলারের প্রাথমিক তহবিলের একটি উন্নয়ন ব্যাংক গঠনের ঘোষণা দেয় ব্রিকসের ৫ সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রভাবমুক্ত হয়ে ব্রিকস ব্যাংকে যোগদানে আগ্রহী বাংলাদেশ সরকারও। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। অন্যদিকে অর্থমন্ত্রী সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে এ ধরনের ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে, তারা বিষয়টি বিবেচনা করছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে গত অর্থ বছরে ২ দশমিক ৭৮ বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে তবে ঋণের শর্ত নিয়ে এসব সংস্থার সঙ্গে বাংলাদেশের প্রায়ই মনোমালিন্যের সৃষ্টি হয়। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে নতুন ব্যাংক থেকে কঠিন শর্ত ছাড়াই ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
ব্রিকসের পাশাপাশি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) নামে চীন একটি আন্তর্জাতিক অর্থ তহবিলের উদ্যোগ নিয়েছে। এছাড়া প্রাচীন সিল্ক রুটের আদলে সিল্ক বেল্টভুক্ত দেশগুলোর সমন্বয়ে নতুন অর্থনৈতিক জোট ও একটি মেরিটাইম সিল্করুট চালুর উদ্যোগ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য এ অঞ্চলে ব্যাপক অবকাঠামো উন্নয়ন প্রয়োজন যার দ্বারা বাংলাদেশও উপকৃত হবে বলে উল্লেখ করা হয়।
