রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণে অর্থ সহায়তা করতে সম্মত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান মাটালান। প্রতিষ্ঠানটি ধসে পড়া রানা প্লাজা থেকে পোশাক ক্রয় করতো। সমপ্রতি প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, রানা প্লাজার ক্ষতিপূরণে একটি উল্লেখযোগ্য পরিমান অর্থ সহায়তা করা হবে। তবে কী পরিমান অর্থসহায়তা করা হবে তা জানানো হয় নি। সেই সঙ্গে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, অর্থ প্রদানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আদেশ নেই।
ধসে পড়া রানা প্লাজার ৫টি কারখানা থেকে ২৮টি বিদেশী ব্র্যান্ড পোশাক কিনত। মাটালান তাদের একটি। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ জন শ্রমিক নিহত হয়। আর আহতের সংখ্যা ১ হাজারের বেশি। নিহত শ্রমিকদের পরিবার ও আহতদের শ্রমিকদের ক্ষতিপূরণের লক্ষ্যে আইএলও’র সমন্বয়ে ৪ কোটি কোটি মার্কিন ডলার (৩২০ কোটি টাকা) তহবিলের একটি উদ্যোগ নেয়া হয়। ওই তহবিলে এখন পর্যন্ত হাতে গোণা কয়েকটি ব্র্যান্ড অর্থ সহায়ত করেছে। এর মধ্যে একমাত্র প্রাইমার্ক বড় অঙ্কের অর্থ সহায়তা করেছে। বাদবাকী ব্র্র্যান্ডের কাছ থেকে এসেছে নামমাত্র অর্থ। ইতিমধ্যে এই তহবিলে ২ কোটি ডলারের মত অর্থ এসেছে। কাঙ্খিত পরিমান অর্থ সহায়তা না পাওয়ায় দুর্ঘটনার দেড় বছর পার হলেও ক্ষতিপূরণের অর্থ প্রদান করা যাচ্ছে না।
মাটালানের পক্ষ থেকে বলা হয়, দুর্ঘটনায় পতিত হওয়ার আগে রানা প্লাজার একটি কারখানা তাদের পোশাক সরবরাহ করতো। তবুও তারা কয়েক মাস আগে ব্র্যাকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের কিছু অর্থ সহায়তা করেছে।
