বিনিময় হার স্থিতিশীল রাখতে গত অর্থবছরে বাজার থেকে ৫১৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের অর্থবছরের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সমপ্রতি ব্যাংকার্স সভায় লিখিত বক্তব্যে এ তথ্য জানান। এর আগে ২০১২-১৩ অর্থবছরে বাজার থেকে ৪৭৯ কোটি ডলার কিনে নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। টাকা ও ডলারের বিনিময় হার ‘স্থিতিশীল’ রাখতেই বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনছে বলে উল্লেখ করেন গভর্নর। তিনি বলেন, গত অর্থবছরে যে পরিমাণ রপ্তানি আয় ও রেমিটেন্স এসেছে, সেই অনুপাতে আমদানি ব্যয় হয়নি। ফলে দেশে ডলারের মজুদ বেড়েছে। আর প্রবাসীরা ২০১৩-১৪ অর্থবছরে মোট এক হাজার ৪২২ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন।
