আলফাডাঙ্গায় সংখ্যালঘুর জমি জবর দখল বাড়িতে আগুন

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২২:১৬
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পন্ডিতের বানা গ্রামে সংখ্যালঘু পরিবারের বাড়িতে আগুন দিয়ে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। থানার এজাহার সূত্রে ও সরেজমিন প্রতিবেদন কালে জানা যায়, ওই গ্রামের মৃত গনেশ চন্দ্রের স্ত্রী লক্ষ্মী রানী (৪৮) তার প্রতিবন্ধী ছেলে গোপালকে (২১) নিয়ে স্বামীর বসতবাড়িতে বসবাস করতেন। চার মাস আগে বিধবা লক্ষ্মী রাণীকে আকবার শেখ ওরফে আকুববর গংরা তার বসতভিটা থেকে তাড়িয়ে দেয়। এরপর তিনি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী ছরোয়ার বিশ্বাসের বাড়িতে প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে বসবাস করে আসছেন। গত বুধবার গভীর রাতে প্রতিপক্ষ আকুববর গংরা লক্ষ্মী রাণীর বসতঘর ও রান্না ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে লক্ষ্মী রাণী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। এ সময় লক্ষ্মী রাণীর ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। রুদ্র বানা গ্রামের বাবু অমেরেন্দ্রনাথ কর সাংবাদিকদের জানান, পাঁচ মাস আগে লক্ষ্মী রানীর সমস্ত সম্পত্তি জবর দখল করে নেয় আকুববর গং। ওই গ্রামের ডা. আরব আলীসহ আরো অনেকেই একই কথা জানান। লক্ষ্মী রাণী এ সময় সাংবাদিকদের কাছে বলেন, আমি ও আমার ছেলেকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় প্রতিপক্ষরা। এ ব্যাপারে আকুববর গংরা সাংবাদিকদের জানান, আমরা অগ্নিকাণ্ড বা জমি জবর দখলের সাথে জড়িত নই। তারা তাদের ক্রয়কৃত সম্পত্তি দখলে নিয়েছে মাত্র।