ভারতে পাচারের উদ্দেশ্যে টাঙ্গাইল হতে আনা আয়েশা (১৭) নামের এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এসময় পাচার চক্রের তিনজনকে ঈশ্বরদী থানা পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধারকৃত আয়েশা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। গোপালপুর থানায় দায়েরকৃত মামলায় মোবাইল ট্রাকিং করে পুলিশ বুধবার রাতে ঈশ্বরদী বাস টার্মিনাল হতে কিশোরী উদ্ধার ও পাচারকারীদের গ্রেফতার করে।
আটককৃতরা হলো, কোলকাতার ঘোষপুকুর এলাকার পরেশ চন্দ্র দাশের মেয়ে জয়িতা মান্না ওরফে পিউ ওরফে খাদিজা, কোলকাতা বিরাটি হাউজিং এস্টেট এলাকার মহানন্দা বিশ্বাসের মেয়ে সানন্দা বিশ্বাস ও ঈশ্বরদীর স্কুলপাড়ার মৃত সুনীল দাশের ছেলে বিশ্বজিত্ দাশ।
উদ্ধার হওয়া কিশোরী ও আটককৃত পাচারকারী সদস্যদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, চক্রটি সদ্য এসএসসি পাস আয়েশাকে ফ্যাশন ডিজাইনার বানানোর প্রলোভন দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে টাঙ্গাইল হতে ঈশ্বরদীতে নিয়ে আসে। পাচারের সুযোগ করতে না পারায় তারা আয়েশাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বাসের টিকেট কিনে টার্মিনালে অপেক্ষা করছিল। খবর পেয়ে ঈশ্বরদীর পুলিশ দ্রুত আয়েশাকে উদ্ধার ও দুই নারী পাচারকারীকে গ্রেফতার করে। তাদের তথ্যে স্কুল পাড়া হতে বিশ্বজিেক গ্রেফতার করা হয়।
