পৌরসভার প্রত্যেকটি সড়কেই দুর্ভোগ

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১২
দীর্ঘদিন ধরে মেরামত বা সংস্কার না করায় কালকিনি পৌর এলাকার প্রত্যেকটি সড়কে যাতায়াতে পৌরবাসী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালকিনি মাছ বাজার থেকে পাতাবালি, ঠেঙ্গামারা সড়ক থেকে পাঙ্গাশিয়া, দক্ষিণ রাজদী থেকে বড়বাড়ি, কালকিনি হাসপাতাল থেকে উত্তর রাজদী, উপজেলা পরিষদ থেকে কাশিমপুর বাজার, গোপালপুর থেকে জোনারদন্দি, চৌকিদার বাড়ি থেকে মানিক চেয়ারম্যানের বাড়ি, টিঅ্যান্ডন্টি থেকে হারুন মৃধার বাড়ি ও পূর্ব কৃষ্ণনগর থেকে পশ্চিম কৃষ্ণনগর পর্যন্ত সড়কগুলো দিনের পর দিন ভাঙাচোরা অবস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলে এসব সড়কগুলোর বিভিন্ন জায়গায় মরণফাঁদে পরিণত হয়। মাঝে-মধ্যে দুর্ঘটনারও খবর পাওয়া যাচ্ছে। এসব সড়ক মেরামতের কাজে হাত দিতে পৌরসভার আরো এক বছর সময় লাগবে বলে প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে। কথা হয় কালকিনি-পাতাবালি সড়কের ইজিবাইক চালক দেলোয়ার হোসেন (৪২) বলেন, ‘পেটের দায় না থাকলে এই রাস্তায় গাড়ি চালাইতাম না। চালকদের কাছ থেকে চাঁদা তুলে কিছু গর্তে বালু ও ইটের গুঁড়া দিয়েছি কিন্তু তাতেও তেমন সুফল পাচ্ছি না।’ সড়কগুলোর এমন দুরাবস্থার চিত্র সম্পর্কে জানতে চাইলে কালকিনি পৌরসভার মেয়র এনায়েত হোসেন বলেন, ‘কালকিনি-ঠেঙ্গামারা সড়কটি মেরামতের জন্য ৪৬ লাখ টাকা বরাদ্দ পেয়ে দু’মাসের মধ্যে কাজ শুরু করা হবে। এছাড়াও ১০টি সড়ক মেরামতের জন্য স্কীম তৈরি করে সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।