ধানমন্ডিতে বাড়ির গ্রিল কেটে চুরি

আপডেট : ৩১ জুলাই ২০১৪, ২৩:১৪
রাজধানীর ধানমন্ডিতে গ্রিল কেটে বাসায় ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ ১২ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ঈদের ছুটিতে গত মঙ্গলবার রাতের কোনো এক সময়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের (বর্তমান ১১) ২১ নম্বর বাড়ির দোতলায় এ ঘটনা ঘটে। ফ্ল্যাটের মালিক আবুল হাসিব খান জানান, ঈদের ছুটিতে গত ২৪ জুলাই সপরিবারে তিনি গ্রামের বাড়ি পিরোজপুরে চলে যান। এসময় বাসাটি সার্বক্ষণিক নজর রাখতে তার এক কর্মচারীকে চাবি দেন। ওই কর্মচারী প্রতিদিন একবার করে তার বাড়িতে প্রবেশ করে রক্ষণাবেক্ষণ করতেন। এভাবে ছয়দিন পর গত বুধবার সকালে বাসায় প্রবেশ করতেই দেখেন, দরজা ভেতর থেকে বন্ধ করা। পরে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করলে বাসার মালামাল তছনছ দেখে তাকে ফোন করেন। ওইদিন সন্ধ্যায় তিনি পিরোজপুর থেকে ঢাকায় ফেরেন। বাসায় এসে দেখেন, দুর্বৃত্তরা আলমারিতে রাখা ৬০ হাজার টাকা, দুই হাজার ডলার ও প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ সময় অন্যান্য ঘরের মালামালও তছনছ করা ছিল। দুর্বৃৃত্তরা বেডরুমের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি থানায় একটি মামলা হয়েছে।